রাঙামাটির খবর ডেক্সঃ-সম্পদ বিবরণীতে ৪২ লাখ ২৯ হাজার ৮৪৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৮ লাখ ৭৭ হাজার ৮৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোঃ মোশারফ হোসেন নামে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্ত মোঃ মোশারফ হোসেন রাঙামাটি দক্ষিণ বন বিভাগের একজন ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। রাঙামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, মোঃ মোশারফ হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৪২লাখ ২৯ হাজার ৮৪৮ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৮ লাখ ৭৭ হাজার ৮৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪-এর ২৬ (২) ধারায় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি এবং ২৭ (১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি আইনগতভাবে বিবেচিত হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে।

সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সম্পদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের অভিযোগের তদন্ত গুরুত্বপূর্ণ। তবে মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

অভিযুক্ত রেঞ্জার মোশারফ হোসেন বর্তমানে অবসরে আছেন বলে তার পরিবার সূত্রে জানিয়েছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।