বান্দরবান প্রতিনিধিঃ- বান্দরবান প্রেসক্লাবের আসন্ন ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে জেলার সাংবাদিক অঙ্গন। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সময় টেলি ভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির। সোমবার (১২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে তিনি বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব পালনকালে প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এন এ জাকির। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও প্রেসক্লাবের নেতৃত্বে আসতে চান তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এন এ জাকির বলেন, “বিগত দিনে প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও সহকর্মীদের সহযোগিতায় ক্লাবের মর্যাদা রক্ষা এবং উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এ জন্য সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
নির্বাচন সামনে রেখে বান্দরবান প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আগ্রহ বাড়ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন