বান্দরবান প্রতিনিধিঃ-পাঁচ দিন পর খুলশীর পৃথক দুটি বাসা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর; তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধান মেলায় প্রশং সায় বান্দরবান জেলা পুলিশ”বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া বহুল আলোচিত তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর গত ১৪ অক্টোবর দিবা গত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পৃথক দুটি বাসা থেকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি জানা যায়। তিন শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তাদের উদ্ধারের খবরে স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তঃ-উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো—রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তারা নিখোঁজ হয়। পরে তাদের অবস্থান শনাক্তের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে তাদের পৃথকভাবে উদ্ধার করা হয়।