এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া (কক্সবাজার)- কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানা পুলিশের অভিযানিক টিম মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তি দের গ্রেপ্তার করে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানার কনফারেন্স রুমে থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ ও চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের আভিযানিক টিমকে প্রায় ২ কিলো মিটার পায়ে হেঁটে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। এ সময় আভিযানিক টিম প্রথমে একটি বসতঘর ঘেরাও করে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র, ৮৮২ রাউন্ড বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের গুলি, গুলির খোসা, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় এক নারীকেও গ্রেপ্তার করা হয় ।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজিব প্রকাশ শুটার রাজিব (২৬), নমি উদ্দিন প্রকাশ নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন প্রকাশ জসু ডাকাত (২৬), মো. সাগর রানা প্রকাশ শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র তৈরি ও কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিয়ে আসছিল। এসব অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।