রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় মোহাম্মদ আরাফাত হোসেন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ১৭অক্টোবর দুপুর ২টা ৫০ মিনিটে জোড়টিলা এলাকার মহালছড়িমুখে কাঠালবাগানের পশ্চিম-দক্ষিণ পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জালমালিক মো. শফিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত দীর্ঘদিন ধরে শফিকের কেসকি জালে কাজ করতেন। গত ১৩ অক্টোবর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরাফাতকে মারধরের অভিযোগ ওঠে। পরে তিনি নিখোঁজ হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তাঁর মরদেহের পেট কেটে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহলছড়ি এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো স্থান থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় জেলেশ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আরাফাতের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।