সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ফরাজিপাড়া মনজুর মৌলভীর দোকানএলাকার পোকখালী পারপারের কাঠের সেতু হঠাৎ ভেঙে পড়ায় হাজারো মানুষের ভোগান্তি বেড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)  সকালে আকস্মিকভাবে সেতুর মাঝ বরাবর ভেঙে গেলে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

স্থানীয়রা জানান, বহুদিন ধরেই কাঠের এ সেতুটি জীর্ণ-শীর্ণ অবস্থায় ছিল। সেতুর নড়বড়ে কাঠামোর ওপর দিয়েই প্রতিদিন শত শত ছোট যানবাহন ও পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করতেন। সোমবার সেতুটি ভেঙে পড়ার পর স্থানীয়দের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী,বয়স্ক মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পোকখালী থেকে জালালাবাদে আসতে যে সময় লাগতো  এখন তা প্রায় দ্বিগুণ হচ্ছে।

পোকখালীর কৃষক নয়ন মিয়া বলেন,আমরা ফসল বাজারজাত করতে পারছি না। ঘুরপথে যেতে হয়, এতে খরচও বেড়ে যাচ্ছে। শিক্ষার্থী আবরার মাহমুদ জানায়,প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলে যেতাম। এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। পরীক্ষার সময় হলে আরও বিপদে পড়তে হবে।এলাকা বাসী জানিয়েছেন, সেতুর অস্থায়ী মেরামত কোনোভাবেই পর্যাপ্ত নয়। তারা ঈদগাঁও উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন,সেতুটি আমাদের দুই ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেরামতের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।ভুক্তভোগীরা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা উপজেলা প্রশাসন ওস্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি স্থায়ীভাবে সেতুটি পুনর্নির্মাণ বা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।