ঈদগাঁও, কক্সবাজার-শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওয়ে মন্ডপ পাহারায় নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার উপজেলার ১৭ টি মন্ডপে ১০৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। একইদিন  বিকেলে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কানন ধর ও প্রশিক্ষিকা নাসিমা আকতার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষসহ  সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় প্রতিমার নিরাপত্তা, পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিকে অনুরোধ করা হয়। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করা হয়েছে।
ঈদগাঁও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন বলেন, শারদীয় দুর্গাপূজায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার ১৭ টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য ১০৪ জন আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত রয়েছে।