ঈদগাও, (কক্সবাজার) প্রতিনিধিঃ- কক্সবাজারের ঈদগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, যানজট নিরসন, মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে ঈদগাঁও থানার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

সভায় ওসি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, নিরাপত্তাসংক্রান্ত সচেতনতা বাড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ১৭টি ব্যানার দেওয়া হবে। এসব ব্যানারে ওসি ও ডিউটি অফিসারের ফোন নম্বর থাকবে। ফলে যেকোনো অপরাধ বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এসময় থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দে, সাব ইন্সপেক্টর অচিন্ত কুমার দে, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ডা. সঞ্জিত দাস, ইসলামাবাদ ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুমন কান্তি দাশ, বিকাশ দে, নিখিল দাশ, টিটু পাল, রুবেল দাশ, নয়ন দাশ, সুমন দাশ, বিশাল চৌধুরী, রাজু দেসহ বিভিন্ন মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর থেকে  উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর উপজেলায় ১৭টি প্রতিমাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।