সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ- বৃষ্টির পানিতে কক্সবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সামনে হাঁটুপানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বন্ধ ঘোষনা করা হয়েছে শ্রেণী কার্যক্রম। আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির প্রবেশপথ থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত বৃষ্টির পানি জমে রয়েছে। জাতীয় পতাকা মঞ্চ, খেলার মাঠ, স্কুলের বারান্দা, এমনকি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে গেছে। বিদ্যালয়ের চলাচলের পথও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১ দশক ধরে প্রতিবছর বৃষ্টি এলেই বিদ্যালয়টিতে পানি ঢুকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। বিদ্যালয়ের পাশে ঈদগাঁও নদী। নদীতে উজানি পানি বাড়লে স্কুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।এছাড়া নেই ভালো নালাব্যবস্থা। ফলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের স্লুইচগেট না থাকায় পুরো স্কুল প্রাঙ্গণেই পানি জমে থাকে। বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আলমগীর জানায়, ‘ষষ্ঠ শ্রেণি থেকে দেখে আসছি, প্রতিবছর বর্ষার সময় বৃষ্টির পানিতে শ্রেণিকক্ষসহ স্কুলের মাঠ ডুবে যায়। এতে ক্লাস করতে পারি না। গতকাল সন্ধ্যায় বৃষ্টির কারণে আজকেও ক্লাস করতে পারিনি। বাধ্য হয়ে ক্লাস না করে বাড়ি ফিরে যেতে হয়েছে।
একই স্কুলের অভিভাবক নাজমা বেগম বলেন, প্রচুর বৃষ্টির কারণে স্কুল পানিতে ডুবে গেছে। আমার ছেলে স্কুলে গিয়ে প্যান্ট ভিজিয়ে এসেছে। স্কুলের চারপাশে উঁচু আর স্কুলটি নিচু হওয়ায় বৃষ্টির পানিতে প্রতিবছর ডুবে যায়। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। বিদ্যালয়ের অফিস সহকারী শামসুল আলম বলেন, শ্রেণিকক্ষে পৌঁছাতেই ভিজে যায় শিক্ষার্থীরা। অনেকেই পানিতে পড়ে ভিজে গিয়ে অসুস্থ হয়। এমন অবস্থায় পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন, ১ দশক ধরে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যায় স্কুলের মাঠে। স্কুল ড্রেনের মুখে স্লুইচগেট নির্মাণ প্রকল্প ঝুলে থাকার কারণে এ সমস্যা হচ্ছে। আমরা নিরুপায়। বৃষ্টির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন