সেলিম উদ্দিন, ঈদগাহ, কক্সবাজারঃ- কক্সবাজারের ঈদগাঁওয়ে যোগাযোগ ব্যবস্থা ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা, টমটম ও মিশুক যানবাহনের মালিক ও চালকদের জন্য ১১টি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো অটোরিকশা, টমটম বা মিশুক উপজেলায় চলাচল করতে পারবে না। একইভাবে অন্য উপজেলার এসব যানবাহন ঈদগাঁও উপজেলায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। ঈদগাঁও উপজেলার যানবাহনও অন্য উপজেলায় প্রবেশ বা চলাচল করতে পারবে না।
প্রতিটি অনুমোদিত যানবাহনে স্পষ্ট ও দৃশ্যমান কিউআর কোডযুক্ত নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক বা ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ এসব যানবাহন চালাতে পারবে না। নির্দেশনা অমান্য করলে যানবাহন জব্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করে নির্ধারিত স্ট্যান্ডে যানবাহন রাখতে হবে। সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামাও নিষিদ্ধ করা হয়েছে। যানবাহনের ব্রেক, হর্ন ও হেডলাইট সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ কোনো যানবাহন সড়কে নামানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদগাঁও পৌরসভা ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ অথবা ট্যাক্স পরিশোধের মাধ্যমে যানবাহনে নির্ধারিত রঙ করতে হবে। ঈদগাঁও, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নের যানবাহনে সবুজ রং এবং পোকখালী ও ইসলামপুর ইউনিয়নের যানবাহনে লাল রং করতে হবে।
এছাড়া ঈদগাঁও বাজারে যান চলাচল নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বাস ছাড়া সব ধরনের যানবাহন শুধুমাত্র ঈদগাঁও স্টেশন দিয়ে বাজারে প্রবেশ করতে পারবে; তবে ওই পথে বের হতে পারবে না। যানবাহনগুলোকে বাঁশঘাটা রোড, বঙ্কিম বাজার রোড ও আল মাসিয়া রোড দিয়ে বাজার থেকে বের হতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সমন্বয়ে একটি তদারকি কমিটি কাজ করবে। কমিটি অনুমোদিত যানবাহনের তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠাবে।
গণবিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে সব টমটম, অটোরিকশা ও মিশুকের মালিককে নির্দেশনাগুলো বাধ্যতামূলকভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন