সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দীন (৪৫) নামে এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বা বধানে এসআই সনক কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফকিরা বাজারের রিদুয়ান ইলেকট্রিক দোকানের সামনে চেক পোস্ট পরিচালনা করেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক সৌদিয়া পরিবহনের বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসটির চালক জসিম উদ্দীনের ডান উরুর ওপর রাখা ঘাম মোছার গামছার ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো চারটি বায়ু রোধী জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার জসিম উদ্দীন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি নুরুল কবিরের ছেলে।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈদগাঁও থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করছে।