সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ-কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালীতে বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত বদিআলমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এসময় প্রায় ১ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের পুর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমান।বনবিভাগ সূত্রে জানা যায়, ডাকাত বদিআলমসহ স্থানীয় ভূমিদস্যুরা বনভূমি জবরদখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছিল। পরে বনবিভাগ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করে। অভিযানে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ভিলেজাররা অংশ নেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমান বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন