সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার

‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে ৫ শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হাইজিন কিট) বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

‎৭ সেপ্টেম্বর ( সোমবার) সকাল সাড়ে ১১ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।
‎
‎এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মিল্টন বিশ্বাস, ইউপি মেম্বার কামাল হোসেন, আবুল কাসেম, মুজিবুল ইসলাম, মোবারেক হোসেন, আবদুল হামিদ, মোহাম্মদ নেজাম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎জানা যায়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এসব হাইজিন কিট বিতরণ করা হয়। প্রতিটি কিটে পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে। এর মধ্যে রয়েছে গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান বা ডিটারজেন্ট, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, নখ কাটার, চিরুনি, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, তোয়ালে বা গামছা, বালতি-মগসহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ। কিছু কিটে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হ্যান্ডওয়াশও রয়েছে।
‎
‎উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।