সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আব্দুল হামিদ (৬০) ও আব্দুল আলিম (৪২)। অভিযানকালে তাঁদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মোট ৬০০ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় গ্রাম পুলিশ সদস্য সহযোগিতা করেন।
৯/৯/২০২৬ খ্রি.