রাঙামাটি প্রতিনিধিঃ- রাঙামাটির কাউখালী উপজেলা সদরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) কাউখালী উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারার অধীনে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ আওয়ালীন খালেক অভিযান কালে সরকার নির্ধারিত মূল্যের বিষয়টি যাচাই করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাধারণ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে যাতে কেউ বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ আওয়ালীন খালেক বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাসসহ কোনো পণ্য বিক্রি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করে পণ্য বিক্রি করতে হবে। অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে ভোক্তাদের হয়রানি বা প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদেরও পণ্য কেনার সময় নির্ধারিত মূল্য যাচাই করার এবং অতিরিক্ত মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।