লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রূপনগর এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এক কিশোরীকে কেন্দ্র করে দায়ের করা ধর্ষণচেষ্টার মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত পরিবারের সদস্যরা। একই সঙ্গে মামলা ও বিভিন্ন ধরনের হুমকির মাধ্যমে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রূপনগর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম ও তাঁর স্বামী আব্দুল হাই দাবি করেন, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁদের ছেলে শাহ আলমের বিরুদ্ধে জিনোয়ারা বেগমের ১২ বছর বয়সী মেয়েকে বাদী করে আদালতে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। তাঁদের ভাষ্য, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিবারটিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আনোয়ারা বেগম বলেন, “জমিজমা নিয়ে বিরোধের কারণেই আমাদের ছেলের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আমাদের পরিবারকে এলাকা ছাড়া করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা এ ধরনের হয়রানি থেকে মুক্তি চাই।”
সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগমও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, জিনোয়ারা বেগম তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করেছেন। হাজেরা বেগম বলেন, “আমার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা করা হয়েছে। এসব মামলা পরিচালনা করতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হয়েছে। একপর্যায়ে মামলা মোকাবিলা করতে না পেরে জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জমিজমা-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান। পাশাপাশি, মামলাটি হয়রানিমূলক হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন