লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির লংগদুতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিত দেবনাথ, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া ইসলাম রিয়া, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে ইউএনও জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলা মাঠ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন