সাজেক (রাঙামাটি)ঃ– তিন দফা দাবি পূরণ না হওয়ায় কাল সকাল থেকে ফের সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে উত্থাপিত তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামী কাল (১৫অক্টোবর) সকাল থেকে পুনঃরায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরবর্তী সময়ে দাবিগুলো পূরণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়ে সাময়িকভাবে অবরোধ শিথিল করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় সংগঠন ২টি।
আন্দোলনকারীদের উত্থাপিত তিন দফা দাবি হলো—১.সাজেকের মাচালং,ব্রিজপাড়া,নুয়াপাড়াও ভুয়াছড়িসহ সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে। ২.জেএসএসের পক্ষ থেকে আন্দোলনকারীসহ কোনো ব্যক্তিকে মৃত্যুর হুমকি দেওয়া যাবে না ৩. নিরাপত্তার নামে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের ঘরবাড়িতে তল্লাশি চালাতে পারবে না।
সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়,উত্থাপিত দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না হওয়ায় তাঁরা পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
আগামী ১৫ অক্টোবর থেকে অবরোধ শুরু হলে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়বে। একই সঙ্গে সাজেকের পর্যটন কার্যক্রমের উপর নৈতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানি কোন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন