রনি সিকদার, বান্দরবান প্রতিনিধিঃ-

নানান আয়োজনে সনাতন ধর্মীয় আচার-আচারণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষেজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।

দুর্গাপূজাকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদ্‌যাপনে ব্যস্ত সময় পার করছেন পুণ্যার্থীরা। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলো সাজানো হয়েছে নানা আয়োজনে।

এদিকে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। পূজা মণ্ডপ গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পূজা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা করছেন আয়োজক ও পুণ্যার্থীরা।