রাবিপ্রবি প্রতিনিধিঃ-রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ ৫ অক্টোবর ২০২৬ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং দেশ ও বিশ্বের সকল শিক্ষককে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না; তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, মূল্যবোধ, নৈতিকতা ও স্বপ্নকে বিকশিত করার পথপ্রদর্শক। একটি আলোকিত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকের অবদান অপরিসীম।
একজন আদর্শ শিক্ষক তাঁর জ্ঞান, প্রজ্ঞা, ভালোবাসা ও আদর্শের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে এগিয়ে দেন। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির এই সময়ে শিক্ষকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের শুধু তথ্য ও দক্ষতা অর্জনে নয় বরং সৃজনশীলতা, মানবিকতা, নৈতিকতা, সমালোচনামূলক চিন্তা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অনন্য। শিক্ষকেরা হলেন মানব-উন্নয়ন প্রক্রিয়ার মূল কারিগর।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে দেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এই বিশ্ববিদ্যালয়ের সকল সাফল্য ও আন্তর্জাতিক সুনাম অর্জনের নেপথ্যে রয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দের মেধা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম। নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁদের এই ত্যাগ ও নিরবচ্ছিন্ন সাধনা রাবিপ্রবিকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার মধ্য দিয়েই আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের উৎকর্ষতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।
বিশ্ব শিক্ষক দিবস আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সকল শিক্ষককে, যাঁদের অক্লান্ত শ্রম, ত্যাগ ও ভালোবাসায় অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। শিক্ষককে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে জ্ঞান, মানবিকতা ও নৈতিকতায় সমৃদ্ধ একটি সুন্দর ও উন্নয়নশীল দেশ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন