নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ-রাঙামাটিতে এলপিজির (গ্যাস) সংকট তীব্র হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শহরের অটোরিকশা চালকরা। গ্যাসের জন্য শহরের এলপিজি ফিলিং স্টেশন গুলোতে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি জমছে। অন্যদিকে বর্তমানে শহরে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৬০০ টাকায়। শনিবার (৩ অক্টোবর) শহরের একটি এলপিজি ফিলিং স্টেশনে সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হলেও রোববার সকাল থেকে শহরের মোট চারটি ফিলিং স্টেশনের সব কটিতেই সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এদিন রাতে গ্যাস সরবরাহের কথা বলায় ফিলিং স্টেশনগুলোতে অটোরিকশার দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে।
বিকালে শহরের ভেদভেদী এলাকার ‘মা পেট্রোলিয়াম আ্যান্ড এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনে’ গিয়ে দোখা যায়, সেখানে স্টেশনটির বিপণন কেন্দ্রে তালা দেওয়া। কথা বলার জন্য তাদের কাউকে পাওয়া যায়নি। সেখানে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস নিতে আসা অটোরিকশার লাইন প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে যায়। এ সময় এলপিজির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অটোরিকশার চালকরা বলেন, স্টেশনটিতে রাতে গ্যাস সরবরাহ দেওয়া কথা বলা হয়েছে। তাই তারা সকাল থেকে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। শহরে ৪-৫ দিন ধরে গ্যাসের সংকট সৃষ্টি করা হয়েছে।
রাঙাপানি এলাকার ‘হাজী আব্দুল বারী মাতব্বর অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনে’ গিয়ে দেখা যায়, সেখানে লেখা রয়েছে ‘গ্যাস নাই’। পরে স্টেশনটির বিক্রয়কর্মী শিমুল চাকমার সঙ্গে কথা বললে তিনি বলেন, তাদের স্টেশনে গ্যাস মজুত আছে। কিন্তু মেশিন নষ্ট হওয়ায় গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না। মেশিনের নষ্ট অংশ মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। সেটি ঠিক করে নিয়ে আসলে রাতেই গ্যাস সরবরাহ দেওয়া হবে। গ্যাস বিক্রি হচ্ছে প্রতি লিটার সাড়ে ৭৩ টাকায়।
তবে সেখানে গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা অটোরিকশার চালকরা বলেন, অতিরিক্ত দামে গ্যাস বিক্রির উদ্দেশ্যে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে। যে কারণে গ্যাস মজুত থেকেও যা তা বলে সরবরাহ দেওয়া হচ্ছে না। আমরা গ্যাসের জন্য চরম ভোগান্তিতে পড়েছি। দ্রæত গ্যাস সরবরাহ দেওয়া না হলে অভ্যন্তরীণ গণপরিবহণের সংকট মারাত্মক আকারে ধারণ করবে।
সরেজমিনে দেখা যায়, গ্যাসের আশায় রোববার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি-অটোরিকশা নিয়ে চালকরা ফিলিং স্টেশনের সামনে জড়ো হন। একপর্যায়ে দীর্ঘ সারি সড়কের ওপর ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক চালককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।
চালকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে রাঙামাটি শহরের পাম্পগুলোতে এলপিজির সংকট চলছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ অনেক কম থাকায় গ্যাস নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে দৈনিক আয়-রোজগারেও প্রভাব পড়ছে।

মন্তব্য করুন