নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ-রাঙামাটিতে জেলা আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রথম ধাপে ১৯টি জেলা পর্যায়ে জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য রাঙামাটিকে নির্বাচিত করায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন পার্বত্য জেলার প্রতি বিশেষভাবে মনোযোগী বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রাঙামাটিতে যে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, এটি শুধু একটি দালান নয়। এ তথ্য কমপ্লেক্সে ফ্যাক্টচেকিংয়ের জন্য একটি বিভাগ থাকবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আপামর জনসাধারণের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আব্দুর রবিক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নে এবং গণপূর্ত বিভাগের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলায় জেলা আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য করুন