রাঙামাটি প্রতিনিধিঃ-রাঙামাটিতে অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে তিনটি রিসোর্ট ও রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে বার্গী লেকভ্যালী রিসোর্টকে ২ লাখ টাকা, রিসাং রিসোর্টকে ১০ হাজার টাকা এবং রেং রিসোর্ট ও রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, বার্গী লেকভ্যালী রিসোর্টে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ, অননুমোদিত ও আমদানিকারক বিহীন কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কক্ষভাড়া ও খাবারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখার বিষয় পাওয়া যায়। রিসাং রিসোর্টেও মূল্য তালিকা প্রদর্শন না করা ও একই ধরনের মরিচ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। রেং রিসোর্ট ও রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাতের পাশাপাশি রান্নাঘরে মাকড়সার জাল ও মাকড়সার উপস্থিতি পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ। এ সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
রানা দেব নাথ জানান, বিভিন্ন অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোকে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন