প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত ‘এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়ে তা বুধবার শেষ হয়। এদিন বিকাল ৫টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। ইউনেস্কো বাংলাদেশের টেকনিক্যাল প্রকল্প সমন্বয়কারী শাকিল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ্ইয়ুব ভূঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ফাতেমা জান্নাত মুমু ও শান্তিময় চাকমা প্রমুখ। পরে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা জেলার উন্নয়ন ও সম্প্রীতিসহ সবক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তাদের পাশে থাকবে। জেলা পরিষদ রাঙামাটিকে বেকারমুক্ত, উন্নয়নশীল, বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে প্রতিষ্ঠায় কাজ করবে। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, প্রযুক্তি, সাংস্কৃতিসহ সবক্ষেত্রে উন্নয়নে সমন্বিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। এতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, দেশে গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা অপরিহার্য। এজন্য প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। সারা দেশে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এজন্য সাংবাদিকদের ঐক্য জরুরি। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় সবাইকে ঐক্য থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।ইউনেস্কোর প্রতিনিধি শাকিল ফয়সাল বলেন, ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় পিছিয়ে পড়া তিন পার্বত্য জেলার সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইউনেসকোর সহায়তায় আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণে রাঙামাটি জেলার সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিংসহ সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়। এসব বিষয়ে উপস্থাপনা ও অনুশীলনীর প্রশিক্ষণ দেন পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ঢাকা পোস্টের আরিফুল ইসলাম আরমান (হেড অব নিউজ মিডিয়া) ও প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর এসএস আল আরেফিন। প্রশিক্ষণে রাঙামাটি জেলার ৩৫ সাংবাদিক অংশ নেন।