নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ- রাঙামাটিতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বসতঘর উচ্ছেদের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে।আজ সোমবার দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও একজন আইনজীবী। তাদের দাবি, গতকাল  (১৩ সেপ্টেম্বর) হাইকোর্ট উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশ দিলেও একইদিন প্রশাসন অভিযান চালিয়ে বসতঘরটি গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ১৯৮৩ সালে সরকারি খাস জমিতে ঘর তুলে বসবাস শুরু করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুখেন্দু বিকাশ ত্রিপুরা।

প্রায় চার দশক পর উচ্ছেদের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া না মানার অভিযোগ তুলেছে পরিবারটি। পরিবারের পক্ষের আইনজীবী আব্দুল গাফফার মুন্না বলেন, আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিপূরণসহ উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।  ২০১৪ ও ২০১৫ সালে খাস জমি ও উচ্ছেদ নোটিশ বাতিল চেয়ে দুটি মামলা করে পরিবারটি। চলতি বছরের ৫ মে নিম্ন ও জেলা আপিল আদালতের রায়ে মামলা খারিজ হয়ে সরকারের পক্ষে সিদ্ধান্ত আসে। এ বিষয়ে জেলা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।