নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ-রাঙামাটিতে ১৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রাইব্যাল আদাম বটতলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বনরূপার মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু একটি ভবন নয়, এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। চলচ্চিত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে এখানে ৬০ আসনের মিনি সিনেপ্লেক্স এবং গুজব ও অপতথ্য প্রতিরোধে ফ্যাক্টচেকিং বিভাগ থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাঁচতলা ভিত্তিবিশিষ্ট ১৪ হাজার ৬২০ বর্গফুটের তথ্য কমপ্লেক্সে ডিজিটাল ল্যাব, আর্কাইভ, ফ্যাক্টচেকিং বিভাগ ও সিনেপ্লেক্স থাকবে। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।