নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি- নানিয়ারচর উপজেলার দুর্গম ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়পুল পাড়া এলাকায় ১৫০টিরও বেশি পরিবার যুগ যুগ ধরে একটি বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত জীবনযাপন করে আসছে।বর্ষাকালে এবং দুর্যোগপূর্ণ সময়ে এই সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, ফলে এলাকাবাসীকে নানান ভোগান্তির শিকার হতে হয়।
‎
‎স্থানীয়রা জানান, এই সাকোটি নির্মাণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। কিন্তু নির্বাচন হয়ে গেলেও সাকোটি এখনো হয়নি! আমাদের যে কপাল সেই কপাল রয়ে গেল। সাবেক্ষ্যং রোড থেকে সদর ইউনিয়নের সংযোগ সড়ক নদীর ওপর একটি স্থায়ী সেতু (ব্রিজ) নির্মাণ অত্যন্ত জরুরি ও গণদাবি ।
‎
‎এই সেতু নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়িসহ সাধারণ জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে মনে করেন এলাকার মানুষ। এবং সেতু নির্মাণ করা হলে এলাকার সার্বিক উন্নয়নও অনেকটা ত্বরান্বিত হবে। কৃষি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। ব্রিজটি নির্মিত হলে ওই এলাকার মানুষ আর পিছিয়ে পড়ে থাকবে না।
‎
‎নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান পূর্বেও এ বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। আজ শৃক্রবার সকালে তিনি সরেজমিনে এলাকায় পরিদর্শন করে জনগণের দুর্ভোগ প্রত্যক্ষ করেন এবং দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
‎
‎এলাকাবাসীর পক্ষ থেকে সেতুটি নির্মাণে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও এলজিইডি’র সুদৃষ্টি কামনা করেন। এই তিনটি সরকারি সংস্থার যে কোন একটি সংস্থা সেতুটি নির্মাণ করে দিলে তারা আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন।
‎