রাঙ্গামাটি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি দয়াল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত পিএসসি, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দর, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ।

​আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

​জন্মষ্টমী উপলক্ষে পরবর্তীতে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন ও ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। উৎসবের শেষ পর্বে বিজয়ী শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।