উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি-রাঙামাটির রাজস্থলী উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুরুষকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার (১৩সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন একটি ভাতের হোটেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত পুরুষ হলেন রাজস্থলী উপজেলার হাজীপাড়া গ্রামের ইউছুপ (৫৫)। দণ্ডপ্রাপ্ত নারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রোববার রাতে আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন একটি ভাতের হোটেলে ইউছুপের সঙ্গে ওই নারী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে প্রাথমিকভাবে ঘটনা যাচাই করা হয় এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়। এ সময় ইউছুপের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগের পাশাপাশি মদ্যপ অবস্থায় থাকার বিষয়টিও সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে ওই নারীর বিরুদ্ধে এর আগেও কয়েকটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তথ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন। তবে তার মানসিক অবস্থার বিষয়ে কোনো চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শুনানি ও প্রাথমিক সত্যতা যাচাই শেষে আদালত ইউছুপকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। একই ঘটনায় ওই নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত ও আইন গত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” পুলিশ আরও জানায়, আটকের সময় ইউছুপ মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, “ঘটনাটি জানার পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে। সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের রায় ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, জনবহুল বাসস্টেশনসংলগ্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।