রনি সিকদার, বান্দরবানঃ-বান্দরবানের লামায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র বহনের ঘটনায় মো. ইমতিয়াজ (২৪) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬। দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার সোহরাবের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ পাওয়া যায়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, একজন মা সন্তানকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেন। সেই সন্তান যখন মাকে মারধর করে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদক সেবন, পারিবারিক সহিংসতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন