রুমা,বান্দরবান প্রতিনিধিঃ- বান্দরবানের রুমা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রুমা সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে সহযোগিতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উদ্যোগে মন্দির কমিটির সভাপতির হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুদান প্রদান করেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহন্ত, এএমসি। এ সময় রুমা সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির এ উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

মন্তব্য করুন