স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে রাষ্ট্রে জবাবদিহি ও মতপ্রকাশের অধিকারও বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। রাঙামাটিতে সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম যেখানে নেই, সেখানে গণতন্ত্রও নেই। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে হেনস্তার শিকার হতে হয়। কখনো কখনো সাংবাদিকদের রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়।”
আইয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করে দেখা কিংবা কোনো পক্ষের স্বার্থে সাংবাদিক সমাজকে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সাংবাদিক সমাজকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর রাজনৈতিক চাপ, হুমকি, হয়রানি কিংবা পেশাগত কাজে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। কোনো সাংবাদিক আক্রান্ত বা হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের দায়িত্ব।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিজেদের মধ্যেও পেশাগত নীতি, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। রাজনৈতিক মতাদর্শ যার যার ব্যক্তিগত বিষয় হলেও সাংবাদিকতার জায়গায় সত্য, নিরপেক্ষতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের ঐক্য যত শক্তিশালী হবে, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার সক্ষমতাও তত বাড়বে।” তিনি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং গণমাধ্যমের ওপর সব ধরনের রাজনৈতিক ও অযাচিত চাপ বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তার মতে, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি জনগণের অধিকার, রাষ্ট্রের জবাবদিহি এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। তাই স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত। সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধরণ সম্পাদক এম.কামাল উদ্দিন,প্রেসক্লাবের সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ প্রেস ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন