রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন থুইমাচিং মারমা। তিনি বর্তমানে স্থানীয় মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন থুইমাচিং মারমা। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় নারী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

থুইমাচিং মারমা বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের কথা শুনে আসছি। বিশেষ করে নারীদের নানা সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো কাছ থেকে দেখেছি। মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা থেকেই মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি বলেন, “নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং এলাকার যোগাযোগব্যবস্থাসহ মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করব।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ডবাসীর প্রত্যাশার মধ্যে রয়েছে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া।

থুইমাচিং মারমা আরও বলেন, “জনপ্রতিনিধিত্ব আমার কাছে কোনো ব্যক্তিগত অর্জনের বিষয় নয়; এটি মানুষের দায়িত্ব নেওয়ার একটি সুযোগ। আমি চাই, ওয়ার্ডের সাধারণ মানুষ যেন তাদের সমস্যার কথা নির্ভয়ে জনপ্রতিনিধির কাছে বলতে পারেন। সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আমার এলাকার নারীরা যেন নিজেদের অধিকার ও সুযোগ সম্পর্কে সচেতন হন, সে বিষয়ে কাজ করতে চাই। পাশাপাশি তরুণদের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।”

এদিকে নির্বাচনে প্রার্থিতা ঘিরে এলাকায় ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় শুরু হয়েছে। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে সক্ষম এমন জনপ্রতিনিধিই তাদের প্রত্যাশা।