নিজস্ব প্রতিবেদক– পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয়ে এবার কোদাল হাতে খালে নেমে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুলকুরমাই খালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অভিযানে সাড়ে ছয় শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন। এমপি হুমাম কাদের নিজ হাতে কোদাল নিয়ে খালে নেমে ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশগ্রহণ করায় স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অভিযানে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, “পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজেদের ভেতর থেকে। শুধু সরকার বা কোনো একটি সংগঠনের পক্ষে একটি এলাকা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।”

‎তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের খাল, নদী, জলাশয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে খাল-জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তারও অনেকাংশে রোধ করা সম্ভব। তাই পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
‎এ সময় বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে তিনি বলেন, “দেশের জন্য কাজ করা বিডি ক্লিনের এসব তরুণ সত্যিই দেশের সেরা সন্তান।নিজেদের সময় ও শ্রম ব্যয় করে তারা যে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন, তা প্রশংসনীয়। তাদের এই উদ্যোগের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
‎স্থানীয়রা জানান, কুলকুরমাই খালটি রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ শস্যভাণ্ডার হিসেবে পরিচিত গুমাইবিলে গিয়ে মিশেছে। ফলে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার ও খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন। খালটি পরিচ্ছন্ন থাকলে কৃষি কাজে পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
‎স্থানীয়দের মতে,জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নিজে কোদাল হাতে খালে নেমে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ। তাঁর এ কর্মকাণ্ড সাধারণ মানুষের পাশাপাশি তরুণদেরও পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে উৎসাহিত করবে।
‎আয়োজকেরা জানান,পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ার এ উদ্যোগ শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযানেই সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন খাল,জলাশয় ও গুরুত্বপূর্ণ স্থান পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।