বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কাচালং সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের (সাবেক) অধ্যক্ষ ও রাঙামাটি জেলা পরিষদের (সাবেক) সদস্য দেব প্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি  নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আফসার হোসেন। এ ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, নবীন শিক্ষার্থীগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কলেজের প্রভাষক কনি চাকমার সঞ্চালনায় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজজীবন জ্ঞানচর্চা ও নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত কলেজে আসা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অন্যকে সম্মান করার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না; অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে নিজেদের দূরে রেখে সচেতন ও জাগ্রত থাকতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগত উন্নতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখা।