বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট,ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টাকাল (আট) বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আটক আটজনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়,গত ১৫নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দোপানীছড়া বিওপি থেকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় টহলের উদ্দেশ্যে বের হয়। রাত ১০টা ৪০ মিনিটের দিকে টহল দলটি বড়থলি ইউনিয়নের ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় পৌঁছালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫গজ বাংলাদেশের অভ্য ন্তরে আটজন বাংলাদেশিকে অবস্থান করতে দেখে।এ সময় তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১১টার দিকে টহল দল তাদের আটক করে।পরে জিজ্ঞাসা বাদে জানা যায়,আটক ব্যক্তিরা পাসপোর্ট,ভিসা,ট্রাভেল ডকুমেন্টস কিংবা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মোঃ আব্দুল আহাদ (২২),বগুড়ার মোঃ হাসান সিহাব (৩০),ঢাকার মোঃ নাহিদ হাসান আশিক (৩২),মো. সোহেল(৩৫),ভোলার মোঃ হোসেন শরিফ ওরফে শিহাব(২৯),চট্টগ্রামের মোঃ মিন হাজুর রহমান সানি (২৬)এবং বান্দরবান জেলারথানচি উপজেলার আবুয়াপাড়ার লাং রাও মুরুং (২২) ও দনরুই মুরুং (২৬)।
এ ঘটনায় বিজিবির দোপানীছড়া বিওপির হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে বিলাইছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।তাঁর এজাহারের ভিত্তিতে ১৭ নভেম্বর-২০ ২৬ তারিখে বিলাইছড়ি থানায় মামলা নং-০১দায়ের করা হয়।The Bangladesh Passport Order, 1973-এর ১১(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) আলাউদ্দিন দায়িত্ব পালন করছেন।