নিজস্ব প্রতিবেদক,রাঙামাটির খবরঃ- দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ইএ-৩-এ কর্তব্যরত অবস্থায় গত রোববার (২০ সেপ্টেম্বর) মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তার মরদেহ রাঙামাটির নিজ গ্রাম বুড়িঘাটে পৌঁছায়। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এলাকায় মরদেহ আসার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে নিহতের পরিবার ও আত্নীয়স্বজরদের মধ্যে।

পরে নৌবাহিনীর পক্ষ থেকে ট্রোম্যান খীসার ব্যবহৃত জিনিসপত্র তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতিসংঘের পতাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য একটি গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।