স্বপ্নের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। কখনো সেই স্বপ্ন জন্ম নেয় পাহাড়ের নীরব কোনো জনপদে, আবার কখনো তা ছড়িয়ে পড়ে দেশের মানুষের সেবায়। রাঙামাটির বাঘাইছড়ির জীপতলী এলাকার অশোক বিক্রম চাকমার গল্পটাও যেন তেমনই এক পথচলার গল্প। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তাঁর সামনে ছিল নানা সম্ভাবনার পথ। কিন্তু তিনি বেছে নিলেন মানুষের সেবার পথ। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে শুরু হলো তাঁর নতুন অধ্যায়।
মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পর একে একে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। নোয়াখালীর সুবর্ণচর থেকে দিনাজ পুরের হাকিমপুর—প্রশাসনের মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। আর ২০২৬ সালের জুনে এসে দায়িত্ব নিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে। কৃষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বাজারের অনিয়মের বিরুদ্ধে অভিযান, জনসেবা নিশ্চিত করা কিংবা উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম—দেবিদ্বারে দায়িত্ব নেও য়ার পর মাঠপর্যায়ে সক্রিয় থাকার দৃষ্টান্তও দেখা যাচ্ছে তাঁর কাজে।
অশোক বিক্রম চাকমার গল্প মনে করিয়ে দেয়- আপনি কোথা থেকে এসেছেন, সেটি আপনার পরিচয়ের একটি অংশ। কিন্তু আপনি কোথায় পৌঁছাবেন, তা নির্ধারণ করে আপনার পরিশ্রম,মেধা ও স্বপ্ন। পাহাড়ের একটি জনপদ থেকে উঠে এসে দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে যাওয়া—এই যাত্রা হয়তো অনেক তরুণের জন্যই একটি নীরব অনুপ্রেরণা। স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন। নিজের জায়গা থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। কারণ সুন্দর পরিবর্তনের গল্পগুলো অনেক সময় শুরু হয় একেবারে সাধারণ কোনো জায়গা থেকেই।