নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি-রাঙামাটি পার্বত্য জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ আয়োজিত এ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীপেন দেওয়ান,সংসদ সদস্য, রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসন।
‎
‎“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়কে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাঙামাটি পার্বত্য জেলা । উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
‎
‎রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয়।
‎
‎ফাইনাল খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। মাঠজুড়ে খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবংদর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরোআয়োজন। খেলাধুলার এই মিলনমেলায় তরুণদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যেও গড়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর সেতুবন্ধন।
‎
‎বালক বিভাগে ফাইনাল খেলায় কাউখালী বালক দল ও জুরাছড়ি বালক দল পরস্পরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুরাছড়ি বালক দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর কাউখালী বালক দল রানার্সআপ হয়।


‎
‎অপরদিকে, বালিকা বিভাগে ফাইনাল খেলায় কাউখালী বালিকা দল ও জুরাছড়ি বালিকা দল মুখোমুখি হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জুরাছড়ি বালিকা দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং কাউখালী বালিকা দল রানার্সআপ হয়।
‎
‎ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক, সুস্থ ও সুন্দর জীবনধারায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
‎
‎কাবাডি শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন হাসান রাশেদ পরাগ, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল), অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা মোঃ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ, কাউখালী জনাব মোঃ এনামুল হক চৌধুরী, অফিসার ইনচার্জ, জুরাছড়ি মুহাম্মদ মঈন উদ্দীন, ওসি (ডিবি), জেলা গোয়েন্দা শাখা জনাব এইচ.এম. মাহমুদসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।