লংগদু (রাঙামাটি) প্রতিনিধি–রাঙামাটির লংগদুউপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও বিজয়ীদের সম্মাননার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি শেষ হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ নেওয়াজ চৌধুরী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খান, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এবং করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা। পরে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।