রাঙামাটি প্রতিনিধিঃ- পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি দীর্ঘ ২৯ বছরেও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এর পরিবর্তে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা পার্বত্য অঞ্চলের বাইরের ব্যক্তিকে প্রতিমন্ত্রী নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিত্বের অভাব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা একতরফা সিদ্ধান্ত পরিহার করে স্থানীয় প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর অধিকার ও স্থায়ী শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।
প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন মল্লিক ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোমা লুসাইসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন