সাজেক প্রতিনিধিঃ-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারতীয় ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী দুর্গম জৌপুই পাড়ায় শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (টিএসএফ), বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখা। সংগঠনটির চলমান কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জৌপুই পাড়া প্রাইভেট স্কুল পরিচালনা কমিটির কাছে শিক্ষক জলন ত্রিপুরাকে সম্মানি বাবদ নগদ- ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন  এনজিওটি। এছাড়াও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষক ভাতা বাবদ জোপুই বিওপির মাধ্যমে প্রতি মাসে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

জৌপুই পাড়া প্রাইভেট স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব মোহন ত্রিপুরা (তেম্পু) জানান, জৌপুই পাড়া সাজেক ইউনিয়নের শতবর্ষেরও বেশি পুরোনো একটি গ্রাম। প্রায় ২০-২৫ বছর আগেও গ্রামটিতে অর্ধশতাধিক পরিবারের বসবাস ছিল। কিন্তু শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধার অভাবে অনেক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে গ্রামটিতে মাত্র ২৯টি পরিবার বসবাস করছে।

তিনি বলেন, গ্রামটিতে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নিকটবর্তী বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। ফলে কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে প্রায় তিন বছর আগে স্থানীয় উদ্যোগে জৌপুই পাড়া প্রাইভেট স্কুলের কার্যক্রম শুরু হয়।

১৭১ নং ব্যাটলিং মৌজার হেডম্যান দহিন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রায় তিন বছর আগে নিকটবর্তী বিজিবি বিওপি ক্যাম্পে ৫৪ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন জোন অধি নায়ক পরিদর্শনে এলে গ্রামের শিক্ষাব্যবস্থার সংকট তাঁর কাছে তুলে ধরা হয়। এ সময় তিনি স্থানীয় উদ্যোগে শিক্ষাকার্যক্রম চালুর পরামর্শ দেন এবং শিক্ষক সম্মানি বাবদ মাসিক ২ হাজার টাকা সহযোগিতার আশ্বাস দেন। সেই সহযোগিতা ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে এখনো বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে বিদ্যালয়টিতে বাল্যশিক্ষা ও শিশুশ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৩৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক জলন ত্রিপুরা, যিনি এসএসসি পাস। এদিকে গ্রামটিতে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে পাঁচজন এবং কলেজ পর্যায়ে পড়াশোনা করছে আরও দুজন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানান, একজন শিক্ষকের সম্মানি বাবদ বছরে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। বিজিবির মাসিক সহযোগিতার পর অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের অভিভাবকদের বহন করতে হয়। কিন্তু অধিকাংশ পরিবার জুমচাষনির্ভর হওয়ায় এই ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তাই গ্রামের ৩০-৩৫ জন শিশুর জন্য স্থায়ী ও মানসম্মত প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে টিএসএফের এমন সময়োপযোগী উদ্যোগের জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় টিএসএফ বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শাকিল ত্রিপুরা বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর সমগ্র শিক্ষাজীবনের মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত না হলে উচ্চশিক্ষার স্বপ্ন ও শিক্ষার সামগ্রিক প্রসার বাধাগ্রস্ত হয়। তাই প্রান্তিক ও দুর্গম অঞ্চলের প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠী, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দীর্ঘদিনের এই বঞ্চনার চিত্র পরিবর্তন করতে। কারণ শিক্ষা শুধু একজন শিশুর ভবিষ্যৎ গঠন করে না, বরং সমাজ, জাতি ও দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিদ্যালয়ের বর্তমান চিত্রঃ- জৌপুই পাড়া প্রাইভেট স্কুলে বর্তমানে মোট ৩৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বাল্যশিক্ষা ও শিশুশ্রেণিতে ২৩ জন, প্রথম শ্রেণিতে ১ জন, দ্বিতীয় শ্রেণিতে ১ জন, তৃতীয় শ্রেণিতে ৭ জন এবং চতুর্থ শ্রেণিতে ২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

গ্রামবাসীর প্রধান দুই দাবিঃ- গ্রামটির সার্বিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে স্থানীয়দের অগ্রাধিকারভিত্তিক দুটি দাবি রয়েছে। প্রথমত, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে জৌপুই পাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা অথবা স্থায়ী ও টেকসই বিকল্প শিক্ষাব্যবস্থা চালু করা। দ্বিতীয়ত, গ্রামবাসীর সুপেয় পানির সংকট নিরসনে নিরাপদ ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা।

দুর্গম পাহাড়ি জনপদ জৌপুই পাড়ার শিশুদের চোখেও রয়েছে শিক্ষিত হওয়ার স্বপ্ন। কিন্তু বিদ্যালয়ের অভাব, দুর্গম যোগাযোগব্যবস্থা ও আর্থিক সংকট সেই স্বপ্ন বাস্তবায় নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় উদ্যোগ ও সামাজিক সংগঠনের সহযোগিতায় শিক্ষার কার্যক্রম চালু থাকলেও দীর্ঘমেয়াদে এ সংকট সমাধানে সরকারি উদ্যোগ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে জৌপুই পাড়ার শিশুদের জন্য শিক্ষার স্থায়ী সুযোগ সৃষ্টি করতে পারে বলে তারা দাবী করেন।