সাজেক প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে মাচালং বাজার এলাকায় এ কার্যক্রম শুরু হয়। ডিলার আলো রানীর দায়িত্বে ৬৮২টি কার্ডধারী পরিবারের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার ৩ কেজি করে চাল পাচ্ছেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। ফলে প্রতিটি পরিবার ৪৫০ টাকার বিনিময়ে ৩০কেজি চাল সংগ্রহ করতে পারছেন।

স্থানীয় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয়ভার কমাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কার্যক্রম চলাকালে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাল বিক্রয় কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলমান রাখা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি এ খাদ্য সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা যথাযথভাবে উপকৃত হবেন এবং স্বল্পমূল্যে খাদ্যশস্য পাওয়ার সুযোগ অব্যাহত থাকবে।