রাঙামাটি প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি সফরে আসছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু,এমপি। আগামী ২৩থেকে ২৮নভেম্বর পর্যন্ত ছয় দিনের সফরে তিনি তিন জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ২৩নভেম্বর জারি করা সফরসূচি অনুযায়ী,মন্ত্রী ২৫নভেম্বর বুধবার দুপুরে রাঙামাটি পৌঁছাবেন।সফরকালে তিনি চিং হ্লা মং বৌদ্ধবিহার ঘাট পরিদর্শন করবেন এবং রাঙামাটি সার্কিট হাউসে অবস্থান করবেন।

একই দিন বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরদিন ২৬নভেম্বর সকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

এ ছাড়া সফরসূচিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম,ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে।