চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ-কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি-২০২৬সম্পন্ন হয়েছে।শনিবার (২১নভেম্বর) সকালে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে এদিন দুপুরে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাগর ফাউন্ডেশন এসব অনুষ্ঠানের আয়োজন করে।
সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ সভাপতিত্বে ও বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেধা বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাগর ফাউন্ডেশনের কর্ণধার এবং সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। পরে অনুষ্ঠানের তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার,ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী,বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান ও সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষাকে এ এলাকার একটি মডেল বৃত্তি পরীক্ষা হিসেবে বিবেচনা করে যেতে পারে।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন। সহকারি হল সুপারের দায়িত্বে ছিলেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকেয়া বেগম।
সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষায় তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ৩০জন শিক্ষার্থীকে উপহার হিসেবে দেওয়া হয় আর্থিক অনুদান, মেডেল,সনদ ও স্কুল ব্যাগ। বৃত্তিপ্রাপ্ত বেস্ট স্টুডেন্ট ও অংশগ্রহণকারী স্কুলগুলোকে দেওয়া হয়েছে ক্রেস্ট। এছাড়া বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সকলকেই সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও সনদ প্রদান করা হয়।
বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান,ঢেমুশিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহ প্রদানে এ মেধা বৃত্তি চালুর উদ্যোগ নেয়া হয়। বৃত্তির সম্পূর্ণ খরচ বহন করেছে সাগর ফাউন্ডেশন। বৃত্তির জন্য জনপ্রতি নামমাত্র ৫০টাকা শুভেচ্ছা ফি নেয়া হয়। তবে ওই ফিও অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর ৬ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ বলেন, বৃত্তি পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আপ্যায়নসহ সব খরচ বহন করেছে সাগর ফাউন্ডেশন। বৃত্তি পরীক্ষার পরীক্ষক এবং খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল পাশ্ববর্তী ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের। যার কারণে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
তিনি আরো জানান,সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।এটির কার্যালয় নিউইয়র্কে এবং এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগর একজন সাংবাদিক, সম্পাদক এবং নিউইয়র্কের অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বশীল কমিউনিটি নেতা এবং সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়া। তাঁর সাংবাদিকতার শেকড় এবং হাতেখড়ি বাংলাদেশ। তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও শেকড়ের কথা ভুলেননি। ফলে শাহাব উদ্দিন সাগর এলাকাবাসীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে গরীবদের মাঝে নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। এবার তিনি শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
তিনি আরো জানান, এবারের বৃত্তি পরীক্ষা সীমিত আকারে করা হলেও আগামী বছর পুরো উপজেলা নিয়ে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে সাগর ফাউন্ডেশনের। অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি, উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ ও ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

মন্তব্য করুন