বাঘাইছড়ি প্রতিনিধিঃ- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামাল হোসেন মীর,বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম,আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন,পার্বত্য এলাকায় পাহাড়ধস,বন্যা,অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি,ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।