রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে রাঙামাটির রাজবন বিহারে দুদিনব্যাপী কঠিনচীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেইন ঘর ও চরকায় সুতা কেটে চীবর বুনন উদ্বোধন দিয়ে শুরু হয় বৌদ্ধ সম্প্রদায়ের এ মহতী পুণ্যানুষ্ঠান,যা শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনু ষ্ঠানে অগণিত পুণ্যার্থীর ঢল নামে।

শুক্রবার সকালে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ,বুদ্ধপূজা,পিন্ডদান,পঞ্চশীল গ্রহণ,সংঘদান,বুদ্ধমূর্তিদান,অষ্টপরিস্কারদান,হাজারবাতিদান,সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।দুপুরে রাজ বন বিহার এলাকাজুড়ে ২৪ঘণ্টার মধ্যে তৈরি কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা প্রদক্ষিণ করেন পুণ্যার্থীরা।এরপর রাজবন বিহারের উত্তর মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান।এতে ২৪ঘণ্টায় তৈরি কঠিন চীবরদান উৎসর্গ,পঞ্চশীল গ্রহণ,বুদ্ধমূর্তি,হাজারবাতিসহ নানাবিধ দান,মঙ্গলসূত্র পাঠ ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুণ্যার্থীদের পক্ষে ২৪ঘণ্টায় তৈরি কঠিন চীবরটি মহাসাধক বনভান্তের অন্যতম শিয্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির সমীপে তুলে দেন সাবেক পার্বত্যমন্ত্রী রাঙা মাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান।এছাড়া ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার,পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,জেলা পরিষ সদস্য মামুনুর রশীদ মামুন,ফারুক আহম্মেদ সাব্বির,রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সহ- সভাপতি নিরুপা দেওয়ানসহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।এতে স্বাগত বক্তব্য দেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা। অনুষ্ঠানে দেশ-বিদেশের কয়েকশ’ বৌদ্ধভিক্ষু উপস্থিত ছিলেন।

সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে সদ্ধর্ম দেশনা দেন রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ জৈষ্ঠ বৌদ্ধভিক্ষুরা। এরপর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।আয়োজকরা বলেন,পরিনির্বাণপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় মহাগুরু শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের স্বর্গীয় অনুভূতি থেকে বিশাখা প্রবর্তিত নিয়মে রাঙামাটি রাজবন বিহারে সর্বপ্রথম ১৯৭৭ সালে কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়। এবার অনুষ্ঠিত হলো ৫০তম উৎসব।

মন্তব্য করুন