রাঙামাটির খবর নিউজ ডেক্সঃ-রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। বৃহস্পতি দুপুরে বিহার প্রাঙ্গনে কর্মীদের পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসবের শুরু হয়। এরপর বিকাল ৩টায় বেইনঘরে ভিক্ষুসংঘের সূত্রপাঠ এবং আনুষ্ঠানিকভাবে ফিতা ও চরকায় তুলা থেকে সুতা কেটে বিহারটিতে ৫০তম কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন করা হয়। চরকায় সুতা কেটে বুনন কাজের উদ্বোধন করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা পুণ্যবতী মঞ্জুলিকা খীসা।

এ উপলক্ষ্যে মেলা বসেছে রাজবন বিহার চত্ত¡রে। উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। রাজবন বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে বৃহস্পতিবার থেকে বিহার এলাকাজুড়ে অগণিত পুণ্যার্থীর ঢল নামতে শুরু করেছে। উৎসবে দেশ-বিদেশের অগণিত বৌদ্ধ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।তারা জানান,কঠিন চীবর দান উৎসবের অন্যতম আকর্ষণ ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে চীবর প্রস্তুত ও ভিক্ষুসংঘকে দান করা। তুলা থেকে চরকায় সুতা কাটা, রং করা, বেইনে কাপড় বোনা এবং সেলাইয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে চীবর তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন দানকার্য সম্পাদিত হয়ে থাকে।বৌদ্ধধর্মীয় ঐতিহ্য ও আচার অনুযায়ী এই কঠিন চীবর দান অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত। তাই এ মহাপুণ্যানুষ্ঠানকে বৌদ্ধরা দানোত্তম কঠিন চীবর দান হিসাবে আখ্যায়িত করেন। প্রতিবছর রাঙামাটির রাজবন বিহারে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চীবর দানোৎসব আয়োজন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানিয়েছেন,রাজবন বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব পালনে বিহার এলাকাজুড়ে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।এ লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন,যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসমাগমস্থলে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।