রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘ডেটা ডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ হংকং বিজনেস কেস কম্পিটিশন’-এ প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাঙামাটি জেলার কৃতি সন্তান মোঃ হোসাইন ভূঁইয়া। তাঁর এ অসামান্য সাফল্যে গর্বিত রাঙামাটিবাসী। আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার।

এ উপলক্ষে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের উদ্যোগে এক শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাবীব আজম, পরিচালক মোঃ আরিফুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহিদ উপস্থিত ছিলেন।
এ সময় পাঠাগারের পক্ষ থেকে মোঃ হোসাইন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, মিষ্টিমুখ করানো হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারকে শুভেচ্ছান্তে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার উল্লেখ করে তাঁর এই আন্তর্জাতিক অর্জনের প্রতি সম্মান ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাবীব আজম বলেন, “রাঙামাটির সন্তান মোঃ হোসাইন ভূঁইয়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন। এটি আমাদের পুরো পার্বত্য অঞ্চলের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জনের মধ্য দিয়ে রাঙামাটির তরুণ সমাজের মেধা, যোগ্যতা ও সম্ভাবনার একটি ইতিবাচক দৃষ্টান্ত উঠে এসেছে। আমরা মনে করি, মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এবং তরুণদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি। আমাদের পাহাড়ের অনেক তরুণ-তরুণীর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ, সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো জ্ঞানচর্চার প্রসার ঘটানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজের ইতিবাচক অর্জনগুলোকে সম্মান জানানো। হোসাইন ভূঁইয়ার এই সাফল্য ভবিষ্যতে অন্যদেরও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ হোসাইন ভূঁইয়া বলেন,“ডেটা ডেভেলপ প্রাইজ ২০২৬ হংকং বিজনেস কেস কম্পিটিশনে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে প্রথম রানার্সআপ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রাঙামাটির সন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া এবং এমন একটি অর্জন করতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে। পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে আমাকে সম্মাননা জানানোয় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বিশেষ করে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাবীব আজমসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে আমাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় সিক্ত করেছেন, তা আমার কাছে অত্যন্ত আনন্দের ও স্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি, আমাদের পার্বত্য অঞ্চলের তরুণদের মধ্যেও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো যথেষ্ট মেধা ও সম্ভাবনা রয়েছে। প্রয়োজন অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ। আমি ভবিষ্যতেও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা অব্যাহত রাখব এবং রাঙামাটির সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।”
এ সময় উপস্থিত সবাই মোঃ হোসাইন ভূঁইয়ার এ অর্জনকে রাঙামাটির তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং এটি একটি অঞ্চল, সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়।
পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার মনে করে, সমাজের মেধাবী, পরিশ্রমী ও সফল তরুণদের যথাযথ সম্মাননা ও উৎসাহ প্রদান করলে নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, আত্মবিশ্বাস এবং সৃজনশীল মনোভাব গড়ে উঠবে। এ ধরনের স্বীকৃতি তরুণদের নিজেদের যোগ্যতা বিকাশে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, রাঙামাটির কৃতি সন্তান মোঃ হোসাইন ভূঁইয়ার আন্তর্জাতিক এ সাফল্য পার্বত্য অঞ্চলের তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণামূলক অর্জন। তাঁর এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য সম্মান বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার।

মন্তব্য করুন