রাঙামাটির খবর ডেক্সঃ-বুধবার (২১অক্টোবর) বিজয়া দশমীতে পূজা, অর্চনা ও আরাধনা শেষে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ হয়েছে। এদিন বিকালে শহরের প্রধান সড়ক ও কাপ্তাই হ্রদে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে চোখের জলে কাপ্তাই হ্রদে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য জেলা রাঙামাটিতে এবার মোট ৪৭টি পূজামন্ডপ দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এগুলোর মধ্যে ছিল রাঙামাটি পৌরসভা ও সদর উপজেলায় ২১টি এবং বিভিন্ন উপজেলায় ২৬টি মন্ডপ।
পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতায় রাঙামাটির প্রতিটি মন্ডপে অত্যন্ত আনন্দঘন,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজা শেষে এবারও দেবী দুর্গার প্রতিমা বিসর্জন হয়েছে কাপ্তাই হ্রদের শান্ত জলে ।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কান্তি মহাজন বলেন, সম্প্রীতির এই রাঙামাটি পার্বত্য জেলায় এবার শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিতসহ সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, এবার সদরসহ জেলায় শান্তিপূর্ণ দুর্গোৎসব সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মন্তব্য করুন